করোনা মহামারির বিস্তার রোধে এই বছর আশুরায় শিয়া মুসলিম সম্প্রদায় তাজিয়া মিছিল স্থগিত করায় তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই কথা জানান।
বিজ্ঞপ্তিতে মেয়র তাপস বলেন, ‘শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের প্রকৃত শিক্ষা হচ্ছে মানুষের সামগ্রিক কল্যাণ। তাই ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষাকে হৃদঙ্গম করার মাধ্যমে শিয়া মুসলিম সম্প্রদায় এই বছর তাজিয়া না করার সিদ্ধান্ত নিয়েছেন। এটি মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ প্রদর্শনের বৃহত্তম পরিচায়ক এবং জনগণ তথা দেশের প্রতি দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ আচরণের বহিঃপ্রকাশ। সেজন্য আমি শিয়া মুসলিম সম্প্রদায়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
ডিএসসিসি মেয়র আরও বলেন, ‘শিয়া মুসলিম সম্প্রদায় এবার সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে পবিত্র আশুরা পালন করতে যাচ্ছেন। তাই শিশু ও ষাটোর্ধ্ব এবং অসুস্থ ব্যক্তিদের সীমিত পরিসরের এই আয়োজনে অংশগ্রহণ হতে বিরত থাকার আহ্বান জানাই। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে নিশ্চয়ই আগামীতে আবারও যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে তাজিয়া আয়োজন করা হবে। সামগ্রিক কল্যাণে সাময়িক এই ত্যাগ দেশ ও জনগণের জন্য মঙ্গলময় হবে।’
বিজ্ঞপ্তিতে মেয়র পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরেন। তিনি আগামী ৮, ৯ ও ১০ মহরম স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ইমামবাড়াগুলোতে সীমিত পরিসরে ধর্মীয় অনুষ্ঠান পালন করার সিদ্ধান্তকে সাধুবাদ জানান।








