সড়ক ও ফুটপাত দখলের অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে ১৯টি মামলা দায়েরের পাশাপাশি ২ জনকে জেল দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অভিযানের ২১তম দিন নগর ভবনের সামনের রাস্তা, ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচ, বিআরটিসি বাস কাউন্টার, নগর ভবনের পেছনের ফুটপাত, ঢাকা মেডিক্যাল কলেজের সামনে এবং বেইলি রোড হতে রাজারবাগ হয়ে মালিবাগ মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সকালে ডিএসসিসি'র নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ নগর ভবনের সামনের রাস্তা, ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে, বিআরটিসি বাস কাউন্টারের সামনে, নগর ভবনের পেছনের সাইডে ফুটপাথের উপরে এবং ঢাকা মেডিক্যাল কলেজের সামনে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও ইলেকট্রিক পোল হতে অবৈধ কেবল অপসারণ করেন।
ভ্রাম্যমাণ আদালত ফুলবাড়ীয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে আব্দুল কাদের নামে এক ব্যক্তি তাতে বাধা দেন। পরে ভ্রাম্যমাণ আদালত সরকারি কাজে বাঁধা দান করায় তাকে ৮ দিনের কারাদণ্ড দেন। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত নগর ভবনের সামনের রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গেলে রুবেল নামের অপর এক ব্যক্তি তা অমান্য করেন। সরকারি নির্দেশ অমান্য করায় ৭ দিনের জেলের আদেশ দেন আদালত। এ সময় ফুটপাত থেকে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়াও মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধে আরও ৪টি মামলা দেন এবং নগদ ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
একই সময়ে ডিএসসিসি'র সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বেইলিরোড হতে রাজারবাগ হয়ে মালিবাগ মোড় পর্যন্ত অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ এবং অবৈধ ক্যাবল অপসারণে অভিযান পরিচালনা করেন। এ সময় ২০টি ইলেকট্রিক পোল হতে সকল অবৈধ ক্যাবল অপসারণ ও অর্ধ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করেন। পাশাপাশি ৭টি মামলায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে মশার প্রজননস্থল শনাক্তকরণ অভিযানের ১৭তম দিনে করপোরেশনের ২টি ভ্রাম্যমাণ আদালত অঞ্চল- ৩ ও ৬ এ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন। অঞ্চল-৩ এর হাজারীবাগ এলাকায় করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মণ্ডল আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ৪টি স্থাপনা পরিদর্শন করে চারটি স্থাপনাতেই এডিস মশার লার্ভা দেখতে পান। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ২টি মামলায় নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অঞ্চল-৬ এর ৭৪ নং ওয়ার্ডের পশ্চিম নন্দীপাড়া এলাকায় করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আহসানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৪টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি ৪টি স্থাপনাতেই এডিস মশার লার্ভা দেখতে পান। অভিযানকালে তিনি ৪টি মামলা দায়ের ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এডিস মশার লার্ভা ও মশার প্রজননস্থল শনাক্তকরণে করপোরেশন পরিচালিত ২টি ভ্রাম্যমাণ আদালত আজ ৪৫টি স্থাপনা পরিদর্শন করে ৬টি মামলা দায়ের ও নগদ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। অবৈধ স্থাপনা-দোকানপাট উচ্ছেদ, ক্যাবল অপসারণ এবং মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতগুলো সর্বমোট ১৯টি মামলা দায়ের ও নগদ ৬৮হাজার টাকা জরিমানা আদায় করেন।








