অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না, সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে তেজগাঁওয়ের রূপচাঁদা রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ঢাকা মহানগরীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে অবস্থিত রুপচাঁদা রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ফ্রিজে এবং রান্নাঘরে খাবার সংরক্ষণে চরম অব্যবস্থাপনা দেখা যায়। এই সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না, সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা যথাযথভাবে বজায় রাখা ও করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।








