জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোনে ঢাকার বারিধারা থেকে একটি দুর্লভ প্রজাতির শঙ্খচিল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিনহুড’। চিলটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) বিকালে জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘শনিবার (২ জানুয়ারি) রাত আটটায় ‘৯৯৯’-এ একজন কলার ঢাকার বারিধারা থেকে ফোন করে জানান, কানাডিয়ান অ্যাম্বাসির পাশে একটি কৃষ্ণচূড়া গাছে ঘুড়ির সুতায় একটি দুর্লভ প্রজাতির পাখি আটকে আছে। কলার পাখিটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়।
৯৯৯ থেকে বিষয়টি গুলশান ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয় ও উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। একইসঙ্গে স্বেচ্ছাসেবী বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থা ‘রবিনহুড’কে বিষয়টি জানিয়ে উদ্ধারে সহায়তার জন্য অনুরোধ জানানো হয়। প্রায় ঘণ্টাখানেক প্রচেষ্টার পর রাত নয়টায় ফায়ার সার্ভিসের সহায়তায় রবিনহুডে’র স্বেচ্ছাসেবীরা প্রায় পঞ্চাশ ফিট উঁচু থেকে পাখিটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। পাখিটি একটি দুর্লভ প্রজাতির শঙ্খচিল বলে জানা যায়। পরবর্তীতে শঙ্খচিলটিকে বন অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়।









