রাজধানীর মগবাজারে বিস্ফোরণে ভবন ধসের ঘটনায় সুভাষ চন্দ্র সাহা (৬২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। তাকে নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
সিটিটিসি পুলিশ পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সুভাষ মগবাজারের ঘটনার শিকার হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি ছিলেন। গত রাতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়।’
তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন।
তিনি আরও বলেন, ‘মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে তার ছেলের কাছে ময়নাতদন্ত ছাড়ায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ১২ জনের মৃত্যু হলো।’
সুভাষ শাহা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মৃত মনমহন শাহার ছেলে। বর্তমানে রাজধানীর ইসলামপুরে থাকতেন। তিনি এক ছেলে এক মেয়ের জনক।
প্রসঙ্গত, গত ২৭ জুন সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই শতাধিক আহত হন। মারা যান ১২ জন। ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। ৭৯ আউটার সার্কুলার রোডের ‘রাখিনীড়’ নামের ওই ভবনের নিচতলায় ছিল গ্র্যান্ড কনফেকশনারি, বেঙ্গলমিট ও শর্মা হাউজের দোকান। দোতালায় সিঙ্গারের শোরুম ও তিনতলায় অনলাইন নিউজপোর্টাল ‘অপরাজেয় বাংলা’ এর কার্যালয়। বিস্ফোরণে ভবনটির ভেতর থেকে লোহার গ্রিল, আসবাবপত্রসহ বিভিন্ন অংশ ছিটকে এসে রাস্তায় পড়ে। দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।









