করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল গণপরিবহণ (বাস, ট্রেন, লঞ্চ)। ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল (১৫ জুলাই) থেকে লকডাউন শিথিল করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। তারই প্রেক্ষিতে ঢাকার একমাত্র নদী বন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে ধোয়া-মোছা করে লঞ্চ চলাচলের প্রস্তুতি নিচ্ছেন নৌ-পরিবহণ শ্রমিকগণ।
দীর্ঘদিন পরে লঞ্চ চলাচলের খবরে নৌ-পরিবহন শ্রমিকদের মাঝে অন্যরকম আনন্দ বিরাজ করছে। তাই আজ সকাল থেকেই লঞ্চ ধোয়া-মোছার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন নৌযান শ্রমিকেরা। কেউ কেউ লঞ্চের আনফিট বডির ফাটল অংশে ঝালাই দিচ্ছেন। আবার কেউবা লঞ্চে প্রবেশদ্বারে স্বাস্থ্যবিধি বার্তা লিখছেন। সবাইকে আনন্দমুখর অবস্থায় দেখা গিয়েছে।
নৌপরিবহন শ্রমিক মো. মোস্তফা মিয়া বলেন, লকডাউনের কারণে এতদিন লঞ্চ চলাচল বন্ধ ছিল। তাই নিয়মিত লঞ্চ পরিষ্কার করা হয়নি। কল-কারখানার ময়লা আবর্জনা বাতাসের সাথে উড়ে এসে লঞ্চে পড়েছে। কাল থেকে তো লঞ্চ চলবে। তাই ভাল করে ধুয়ে নিচ্ছি।
সবুজ নামের আরেকজন নৌ-শ্রমিক বলেন, লঞ্চ না চললে পেটে ভাত জোটে না। ছেলেমেয়ে নিয়ে খুব কষ্টে দিন কাটাতে হয়। সরকারকে অনেক ধন্যবাদ লঞ্চ ছেড়ে দেওয়ার জন্য।









