শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যার পর রাজধানীর কলাবাগানের লেক-সার্কাস এলাকায় একটি আবাসন কোম্পানির জমিতে কোরবানির পশুর হাট বসানো হয়েছিল। রবিবার (১৮ জুলাই) বিকালে এসে অস্থায়ী এই হাট উচ্ছেদ করে দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মেরীনা নাজনীন। এদিন সন্ধ্যা ছয়টার সময় তিনি গরু ব্যবসায়ীদের সেখান থেকে হাজারীবাগ গরুর হাটে চলে যেতে বলেন। পরে ব্যবসায়ীরা গরু নিয়ে বেরিয়ে যান। আর ম্যাজিস্ট্রেট আসার খবরে পালিয়ে যায় হাটের উদ্যোক্তারা।
রবিবার রাত সাড়ে আটটার দিকে ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরীনা নাজনীন জানান, পান্থপথের আকাঙ্ক্ষা ডেভেলপারের জায়গায় অবৈধ হাট বসানোয় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে কোম্পানিটি টাকা পরিশোধ করে। এছাড়া ধানমন্ডি ৮ নম্বর ব্রিজ সংলগ্ন একটি ছাগলের হাটও উচ্ছেদ করা হয়েছে। মেরীনা নাজনীন জানান, গরুর ব্যবসায়ীদেরকে হাজারীবাগ হাটে চলে যেতে বলা হয়েছে।
তিনি বলেন, ‘ডিএসসিসির ইজারা দেওয়া যেসব হাট রয়েছে, সেগুলোর মধ্যে এটা ছিল না। গতকাল রাতে আমরা খবর পেয়েছি। এই হাট থেকে সিটি করপোরেশন রাজস্ব বঞ্চিত হবে। এজন্য আজ অভিযান পরিচালনা করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যার পর থেকে ৫৪, লেক-সার্কাস, কলাবাগান এলাকায় ‘আকাঙ্ক্ষা আবাসন কোম্পানি’র একটি পরিত্যক্ত জমিতে হাট গড়ে তোলে স্থানীয় ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মী।
নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, ক্ষমতাসীন দলের একটি সহযোগী সংগঠনের থানা পর্যায়ের কিছু নেতাকর্মী এই অস্থায়ী হাট গড়ে তুলে। এ বিষয়ে জানতে চেয়ে ওই সংগঠনের থানার একাধিক নেতাকে ফোন করা হলেও পাওয়া যায়নি।
শুক্রবার রাতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা থেকে কয়েকটি গরু নিয়ে আসেন ব্যবসায়ী মজিবুর। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমরা গাড়িতে করে গরু নিয়ে যাওয়ার সময় কিছু ছেলে এখানে গরু নামাতে বলে। এখন ম্যাজিস্ট্রেট ম্যাডাম বলছেন, সবাইকে হাজারীবাগে যেতে।’
ঢাকায় গরু এনে অস্থায়ী এই হাট উচ্ছেদ হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। মিজান মিয়া নামে একজন ব্যবসায়ী বলেন, ‘আমাদের ডেকে বসানো হইছিল। এখন তো ম্যাজিস্ট্রেট আপা বললেন, এটা বৈধ না। আমাদের গরু তো বিক্রি করতে হবে। এখন আবার হাজারীবাগ হাটে যেতে হবে। আমাদের অনেক ক্ষতি হলো।’
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত থেকে অস্থায়ী এই হাটে অন্তত আড়াইশ গরু ছিল। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় রিপোর্ট লেখার সময় গরু নিয়ে রাজধানীর অন্যান্য হাটের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ীরা।
অভিযানে ম্যাজিস্ট্রেটের সঙ্গে থাকা ডিএসসিসির একাধিক দায়িত্বশীল জানান, আকাঙ্ক্ষা আবাসন কোম্পানির জমিতে স্থানীয় কিছু ছেলে হাট গড়ে তুলেছিল। ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়েই সবাই পালিয়ে গেছে।








