রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়িত উত্তরা ১৮ নম্বর সেক্টরে অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে নির্মিত এক হাজার ৬৫৪ বর্গফুট আয়তনের ফ্ল্যাট বরাদ্দে প্রাপকদের জন্য পঞ্চম লটারির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজউক অডিটরিয়ামে গ্রহীতাদের উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হবে।
রবিবার (৫ সেপ্টেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে এ তথ্য জানা গেছে। রাজউক পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শামীমা মোমেন স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি নোটিসে বিষয়টি বলা হয়েছে।
নোটিসে বলা হয়েছে, রাজউক কর্তৃক বাস্তবায়িত উত্তরা ১৮ নম্বর সেক্টরে অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে নির্মিত এক হাজার ৬৫৪ বর্গফুট আয়তনের ফ্ল্যাট বরাদ্দে প্রাপকদের জন্য পঞ্চম লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর। যেসব গ্রহীতা এখনও প্রথম থেকে চতুর্থ কিস্তি পরিশোধ করেননি তারা আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে কিস্তি জমা দিয়ে লটারিতে অংশ নিতে পারবেন। লটারির সময় আগ্রহী বরাদ্দ গ্রহীতাদের যথাসময়ে রাজউক অডিটরিয়ামে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও উল্লেখ করেছেন, এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি রাজউকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। প্রয়োজনে [email protected] এ ইমেইল এবং ০১৭৩০০১৩৯৪৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
রাজউক সূত্রে জানা গেছে, ভবনগুলোর নকশা স্থাপত্য অধিদফতরের প্রফেশনাল আর্কিটেকস ও কাঠামোগত নকশাগুলো গণপূর্ত অধিদফতরের প্রফেশনাল স্ট্রাকচারাল ডিজাইনার দ্বারা সম্পন্ন করা হয়েছে। প্রকল্প এলাকার ৫৫ শতাংশ জমি খেলার মাঠ, পার্ক, সবুজায়ন, রাস্তা ইত্যাদির জন্য উন্মুক্ত রাখা হচ্ছে।









