রাজধানীর উত্তরা ও কুড়িলে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- মনির হোসেন (৫৩) ও নির্মাণ শ্রমিক ইব্রাহিম গাজী (৪০)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাকলাইন। তিনি বলেন, মৃতদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মো. সাকলাইন জানান, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল আটটার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর ফরিদ মার্কেটের সামনে রেললাইন পার হওয়ার সময়ে ঢাকা কমলাপুর গামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান মনির হোসেন (৫৩) নামে একজন। মনির হোসেন একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। তিনি সকালে তার কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
অপরদিকে বুধবার রাতে কুড়িল বিশ্বরোড এলাকার ওভারব্রিজের নিচে রেল লাইন দিয়ে হেটে যাওয়া সময়ে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া দ্রুতযান ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান ইব্রাহিম।
মৃতের ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের সঙ্গে কথা বলে তার পরিচয় জানা যায়, তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান গ্রামের মুসা গাজীর ছেলে। খিলক্ষেত এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।









