রাজধানীর বেগম বদরুন্নেসা মহিলা সরকারি কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া ঠিকানা পরিবহনের বাসচালক মো. রুবেল ও হেলপার মো. মেহেদী হাসানকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (২১ নভেম্বর) রাতে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদের নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
এর আগে, শনিবার (২০ নভেম্বর) বদরুন্নেসার এক শিক্ষার্থী ১৫ টাকার ভাড়া ১০ টাকা দিতে গেলে তাকে গালিগালাজ করে ঠিকানা পরিবহনের ওই বাসচালক ও হেলপার।
এ ঘটনার প্রতিবাদে রবিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বকশিবাজার ও চানখারপুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বদরুন্নেসার শিক্ষার্থীরা। তাদের সঙ্গে আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়। শিক্ষার্থীরা কয়েক দফা দাবি জানিয়ে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। এর সাত ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দুই বাস শ্রমিককে আটক করলো র্যাব।
ভাড়া নিয়ে বিতণ্ডায় যৌন হয়রানির অভিযোগ, সড়কে বদরুন্নেসার শিক্ষার্থীরা









