গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে আজ রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানী ঢাকায় পরীক্ষামূলক যাত্রা শুরু করলো ঢাকা নগর পরিবহন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ সার্ভিসের উদ্বোধন করেন। মোহাম্মদপুরে ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার পথে প্রাথমিকভাবে চলছে ৫০টি বাস। এর মধ্যে বিআরটিসির ৩০টি ডাবল ডেকার ও ট্রান্সসিলভা পরিবহনের ২০টি বাস রয়েছে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ও সর্বোচ্চ ভাড়া ৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ রুটে থাকছে ৪০টির বেশি যাত্রী ছাউনি ও ১৬টি ‘বাস বে’। বাসগুলোর চালক ও হেলপারের জন্য থাকছে নির্দিষ্ট ইউনিফর্ম।









