দোকানের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের লক্ষ্যে পরিচালিত ঝালাই থেকে নীলক্ষেতে বইয়ের মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে এটা জানা গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ তাপস বলেন, বই-পুস্তকের দোকানের মধ্যে এখানে কিছু রেস্তোরাঁ করা হয়েছে। বই-পুস্তক যারা রাখেন, তারাও উপরের দিকে তাদের বইগুলো গুদামজাত করার জন্য ঝালাইয়ের কাজ করেছেন। এই ঝালাইয়ের কাজ করতে গিয়ে আগুনের স্ফুলিঙ্গ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। ফায়ার সার্ভিসও সেই প্রেক্ষিতে প্রতিবেদন দিয়েছে।
অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ তাপস বলেন, অবশ্যই। সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি থেকে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে। পূর্ণাঙ্গ তদন্ত করেই সুনির্দিষ্ট কারণগুলো চিহ্নিত করে তারপরই আমরা ব্যবস্থা নেবো।
সার্বিক দিক পর্যালোচনা করে ক্ষতিগ্রস্তদের কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে মেয়র তাপস বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে কিভাবে থাকতে পারি, তাদের কিভাবে সহযোগিতা কিভাবে কারতে পারি এ বিষয়ে অগ্রাধিকার দেবো।"
এ সময় প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।









