রাজধানীর হাজারীবাগে ষষ্ঠ শ্রেণির এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১১ মার্চ) দুপুরে হাজারীবাগে তাদের ভাড়া বাসার বাথরুমে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরে এ বিষয়ে জানানো হবে।
ওই শিক্ষার্থীর নাম তানভীর (১১)। সে রায়ের বাজার হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
হাসপাতালে নিয়ে আসা তানভীরের ভাই সাগর সাংবাদিকদের বলেন, ‘দুপুর সাড়ে ১২টায় গোসল করতে গিয়ে অনেক সময় পর্যন্ত বাথরুম থেকে বের হচ্ছিল না তানভীর। পরে তার ভাই জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে সে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছে।’
তিনি জানান, তৎক্ষণাৎ উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুপুর দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে ফাঁস দিয়েছে তা বলতে পারেননি ভাই সাগর।









