মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৯ মার্চ) অনুষ্ঠিত হবে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড’। আমন্ত্রিত অতিথিদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করার জন্য এ দিন বেলা ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত স্টেডিয়ামের আশপাশ এলাকার রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সোমবার (২৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ স্টেডিয়ামে গমনাগমন করবেন। আসবেন অস্কারজয়ী সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী এ আর রহমান।
ডিএমপির ওই নির্দেশনা অনুযায়ী ডাইভার্শন এলাকা হলো—মিরপুর ১০ নং ক্রসিং হতে সনি ক্রসিং পর্যন্ত; টিঅ্যান্ডটি ক্রসিং হতে প্রশিকা ক্রসিং পর্যন্ত এবং শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের ফিডার রোডসমূহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
এতে নাগরিকদের চলাচলে সাময়িক অসুবিধা তৈরি হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।









