রমজানে রাজধানীর অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি পর্যায়ে রবিবার (৩ এপ্রিল) বিকালে রাজধানীর মতিঝিল, শাহবাগ, বঙ্গবন্ধু এভিনিউ, কেন্দ্রীয় শহীদ মিনার, কলাবাগান, ধর্মরাজিক বৌদ্ধ বিহারে এই বিতরণ কাজ চলে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংঘ মনীষা মহামান্য ২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো পবিত্র রমজান মাসে দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রমের সূচনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সার্বিক তত্ত্বাবধানে এ বছর ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ বিহারের পক্ষ থেকে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রমজান মাসজুড়ে এই কার্যক্রম চলবে বলে জানানো হয়।
এসময় সংঘের সভাপতি নন্দিত সংঘ মনীষা, ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, সাবেক মহাসচিব বাবু পি আর বড়ুয়া, মহাসচিব প্রফেসর ডা. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস, সংঘের সহ-সভাপতি বাবু রঞ্জিত কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।
বঙ্গ ফুড ব্যাংকিং নামের একটি সংগঠনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়। তাদের কার্যক্রম শেষ রমজান অবধি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশনায় কলাবাগান থানা ছাত্রলীগের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়। রবিবার বিকালে পান্থপথে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয় রবিবার। উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এসময় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।
পাশপাশি যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারেও ইফতার বিতরণ করা হয়।
সেখানে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানাসহ মহানগর যুবলীগ দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।
পাশপাশি শাহবাগ এলাকায় ইফতার বিতরণ করেছেন ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
এছাড়া বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ইফতার বিতরণ কর্মসূচি চলে।









