রাজধানীর হাতিরঝিল থানায় সুমন শেখ ওরফে রোম্মান (২৩) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি ওই হাজতি আত্মহত্যা করেছেন। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার আজিমুল হক বলেন, ‘সিসি ক্যামেরায় দেখা গেছে, হাজতি নিজের ট্রাউজার খুলে আত্মহত্যা করেছেন। দায়িত্বে অবহেলার জন্য দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।’
চুরির মামলায় শুক্রবার (১৯ আগস্ট) রোমানকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে চুরির সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করে রাতে হাতিরঝিল থানা হাজতে রাখা হয়।
শনিবার (২০ আগস্ট) বিকালে রোম্মানের বেয়াই সোহেল বাংলা ট্রিবিউনকে বলেন,‘ পুলিশের কাছ থেকে আমরা জানতে পেরেছি থানা হেফাজতে হাজতখানায় শুক্রবার দিবাগত রাত ৩টার পর রোম্মান আত্মহত্যা করেছেন। থানা হেফাজতে কীভাবে একজন হাজতি আত্মহত্যা করতে পারে? এটা পুলিশের দায়িত্বে অবহেলা। এ ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
সোহেল আরও বলেন, ‘মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে থানায় নেওয়া হবে।’
এদিকে স্থানীয়রা এটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে হাতিরঝিল থানার সামনে বিক্ষোভ করছেন। যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।









