রাজধানীর গুলশান-২ এলাকায় রিকশা চালান আমিনুল ইসলাম। গত ৪ আগস্ট বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক আইফোন ফেলে যান তার রিকশায়। ৬ আগস্ট ফোনের মালিকের সঙ্গে যোগাযোগ করেন ওই রিকশাচালক। পরে গুলশান থানার মাধ্যমে ফোনটি ফেরত দেন তিনি।
রবিবার (২১ আগস্ট) বিষয়টি জানতে পেরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম সততার পুরস্কার হিসেবে তাকে ৫০ হাজার টাকা উপহার দেন।
মেয়র আতিক বলেন, ‘এ ধরনের সততা সচরাচর দেখা যায় না। এ ঘটনাটি সত্যিই বিরল।’
পুরস্কার পেয়ে আমিনুল বলেন, ‘আমি যখন মোবাইল ফোনটি পাই তখন তাতে চার্জ ছিল না। আমি সেটি বাসায় নিয়ে যাই। চার্জার কিনে চার্জ দিয়ে ফোন খুলতে চেয়েছিলা। কিন্তু দাম বেশি হওয়ায় কিনতে পারিনি। পরে ওই ফোনের সিম আমার মোবাইল ফোনে ভরে ফোনের মালিককে কল দেই।’
গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল ফোনটি স্যামি আহম্মেদ নামে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের। তিনি গুলশানে তার মা সীমা আহম্মেদের বাসায় বেড়াতে এসেছেন।
আমিনুল ইসলাম জানান, তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। পরিবার সেখানে থাকলেও তিনি থাকেন উত্তর বাড্ডায়।









