রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় বাস শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে পথচারীসহ ছয় জন আহত হয়েছেন। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে জুরাইন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হন রনি হাসান (৩৫), আরমান হোসেন (৩৩) মো. মাসুম (২৮) পথচারী পারভেজ (১৬), মেরাজ (২৫) ও সোহাগ (২৫)।
সংঘর্ষে আহত সোহাগ জানান, সকালে শ্রমিক নেতা আরিফুল ইসলাম মাসুদ অপর এক শ্রমিককে মারধর করেন। সেই ঘটনা নিয়ে সন্ধ্যায় বাস কাউন্টারে একটি বৈঠকের কথা ছিল। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়, এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
আহত রনি বলেন, ঘটনাস্থলে মাহবুব, আকাশ, মাসুদসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে।
শ্যামপুর থানার ওসি মফিজুল আলম বলেন, জুরাইন রেলগেট এলাকায় বাস স্টপিজ রয়েছে। সেখানে সব সময় বাসে যাত্রী উঠানামা করেন। তাই সেখানে সব সময় পরিবহন শ্রমিকদের অবস্থান থাকে। সে সব শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।









