রাজধানীর উত্তরায় অফিস স্টাফের অসুস্থ মাকে দেখতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে উত্তরা ৯ নম্বর সেক্টরে এ দুর্ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন গাজী এ তথ্য জানান।
দেলোয়ারের স্ত্রী মাহফুজা আক্তার জানান, মঙ্গলবার বিকালে অফিস স্টাফের অসুস্থ মাকে দেখার জন্য বাসা থেকে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে যান দেলোয়ার। সেখান থেকে ফিরার পথে ৯ নম্বর সেক্টরের ভেতর দিয়ে যাচ্ছিলেন। এ সময় ২ নম্বর রোডের পশ্চিম পাশে রাস্তার মোড়ে একটি প্রাইভেটকার সোনারগাঁও জনপথ রোড থেকে ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে প্রবেশ করে এবং দেলোয়ারকে জোরে ধাক্কা দেয়। গুরুত্বর অবস্থায় আশপাশের লোকজন দেলয়ারকে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তারা গাড়িটি আটক করেন।
তিনি বলেন, ‘খবর পেয়ে ননদ নূরজাহান রহমানকে নিয়ে হাসপাতালে যাই। সেখানে দেলোয়ারকে গুরুত্বর অবস্থায় দেখিতে পাই। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নিয়ে যাই। সেখাসে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।’
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন গাজী বলেন, ‘এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।’









