ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম সিকদারের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালতে আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামির প্রতি সমন জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খাদেমুল ইসলাম এ তথ্য জানান।
মামলার অভিযোগে বলা হয়, গত বছর ৫ ও ৭ জুন আলেশা মার্টে তিনটি মোটরসাইকেল কেনার অর্ডার দেন আব্দুল্লাহ আল মামুন। অর্ডার করা মোটরসাইকেল দিতে ব্যর্থ হন আসামি। পরে বাদীকে তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেড গুলশান করপোরেট শাখার নামে চার লাখ ২৩ হাজার টাকার দুটি চেক দেন। ২০ জুন সেই চেক নগদায়নের জন্য বাদী নিজ অ্যাকাউন্টে ডাচ-বাংলা ব্যাংকের ইব্রাহীমপুর শাখায় জমা দেন এবং তা ডিজঅনার হয়। এরপর গত ১৭ জুলাই আসামির প্রতি লিগ্যাল নোটিশ ইস্যু করা হলেও টাকা না পাওয়ায় এই মামলা করেন বাদী।
অপর মামলার অভিযোগে বলা হয়, গত বছর ২৪ জুন তিনটি মোটরসাইকেল কেনার অর্ডার দেন আব্দুল্লাহ আল মামুন। অর্ডার করা মোটরসাইকেল দিতে ব্যর্থ হয়ে আসামি তার মালিকানাধীন প্রতিষ্ঠান আলেশা এগ্রো লিমিটেডের নামে ইসলামী ব্যাংক বনানী শাখার অ্যাকাউন্টের ৩ লাখ ৫২ হাজার টাকার একটি চেক দেন। চেকটি নগদায়নের জন্য গত ২৮ জুলাই বাদীর নিজের অ্যাকাউন্টে ডাচ-বাংলা ব্যাংকের ইব্রাহীমপুর শাখায় জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়।
এরপর টাকা পরিশোধে গত ৩ সেপ্টেম্বর আসামির প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এতেও ফল না পেয়ে বাদী আদালতে এই মামলা দায়ের করেন।









