স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়কে মানববন্ধন করা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলন থেকে বিরত করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ কামরুন নাহার। বর্তমান ক্যাম্পাস সরিয়ে নেওয়া হচ্ছে না আর স্থায়ী ক্যাম্পাসও করা হবে—এমন আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে অধ্যক্ষ কামরুন নাহার বলেন, ক্যাম্পাস সরিয়ে নেওয়ার কোনও সিদ্ধান্ত নেই। এটি গুজব। শিক্ষার্থীদের বিষয়টি বুঝিয়েছি। তারা বাড়ি চলে গেছে। স্থায়ী ক্যাম্পাসের দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমরা চাই স্থায়ী ক্যাম্পাস করতে। আমাদের শিক্ষার্থীদের জন্যই সেটা চাই, আমরা করবো।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভিকারুননিসার ধানমন্ডি শাখা থেকে মিছিল নিয়ে বের হয়ে আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনের সড়কে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা জানান ভিকারুননিসার চারটি শাখার মধ্যে এটিই প্রথম অনুমোদিত শাখা। ভাড়া বাড়িতে এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চলছে। দীর্ঘদিন হওয়ায় ভবন ঝুঁকিতে রয়েছে। কিন্তু নতুন ভবন বা স্থায়ী ক্যাম্পাসের উদ্যোগ নেওয়া হয়নি। এখন ক্যাম্পাসটি বন্ধের পাঁয়তারা করা হচ্ছে। তাই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজকের এই মানববন্ধন।









