তিন তলা বিশিষ্ট নীলক্ষেত রোড সাইড মার্কেট তথা তুলা মার্কেটের সকল অবৈধ দোকান উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রবিবার (৬ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে ২৬ নম্বর ওয়ার্ডস্থ নীলক্ষেত তুলা মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়। মার্কেটের ১৮৮টি অবৈধ দোকানের সবগুলো উচ্ছেদ করা হবে।
অভিযানে সকল অবৈধ দোকান ও দোকানের বর্ধিতাংশ উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।
দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, নীলক্ষেত তুলা মার্কেটের বৈধ ৩৫টি দোকানের ওপর ভিত্তি করে একটি অসাধু চক্র নিয়ম বহির্ভূতভাবে ১৮৮টি অবৈধ দোকান নির্মাণ ও সম্প্রসারণ করে। অভিযানে প্রথম তলার বৈধ ৩৫টি দোকান বাদে বাকিগুলো ভেঙে ফেলা হবে। সকল অবৈধ দোকান না ভাঙা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন পুরো উচ্ছেদ কার্যক্রম তদারকি করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। আগামীকালও উচ্ছেদ অভিযান চলবে।









