রাজধানীর খিলক্ষেত থানাধীন তিনশ ফিটের মস্তুল পুলিশ চেক পোস্টের কাছাকাছি স্থানে প্রাইভেটকারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। রবিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে।
আহতরা হচ্ছেন- মোস্তাক আহামেদ (১৮) ও মো. নিলয় (১৭)। তারা দুজন বন্ধু।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
জানা গেছে, মোস্তাক এ বছর কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস করেছেন। তিনি মানিকগঞ্জ শিবালয়ের কয়রা গ্রামের জাকির হোসেনের ছেলে। বর্তমানে খিলক্ষেত বাজারের পাশে পরিবারের সঙ্গে থাকেন।
তার মা পান্না বেগম বলেন, সন্ধ্যায় মোস্তাক তার বাবার মোটরসাইকেল নিয়ে বের হয়। পরে সংবাদ পাই, সে এবং তার সঙ্গে থাকা নিলয় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।
এদিকে, নিলয় এসএসসি পরিক্ষার্থী। তিনি খিলক্ষেত পানির পাম্প এলাকার বাসিন্দা।









