রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক (৬৫)। পরনে ছিল চেক লুঙ্গি এবং খয়েরি রঙের পাঞ্জাবি। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা রেলওয়ে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘কমলাপুর রেলস্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম নারায়ণগঞ্জ টিকিট কাউন্টারের সামনে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পারি অজ্ঞাত ওই ব্যক্তি ভিক্ষাবৃত্তি করতেন। কমলাপুর রেলস্টেশনে ঘুমাতেন। ধারণা করা হচ্ছে, বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে তিনি মারা গেছেন। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে। তার পরিচয় জানান চেষ্টা চলছে।’









