চিকিৎসকদের অ্যাপ্রোন পরে, মুখে মাস্ক এবং গলায় আইডি কার্ড ঝুরিয়ে কৌশলে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে চুরি করতো একটি চক্র। বুধবার (৫ এপ্রিল) ওই চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ।
গ্রেফতা ব্যক্তিরা হলেন– আফসানা আক্তার এশা ওরফে মিম (২২), তন্ময় বিশ্বাস (৩০), স্বপন শেখ (৪৫), মো. নুরুল ইসলাম (২৭), কলিম উদ্দিন কালু ওরফে কলিউল্লাহ (৪০) ও মো. মোখলেছুর রহমান (৫১)। তাদের কাছ থেকে ছয়টি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার বলেন, ‘ডাক্তার ও নার্স সেজে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় বাসাবাড়িতে ঢুকতো ওই চোর চক্রের সদস্যরা। পরে কৌশলে মোবাইল ফোস, ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে সটকে পড়তো। প্রথমে ওই চক্রের প্রধান আফসানা আক্তার এশা ওরফে মিমকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে চক্রের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।’
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে গুলশান থানাসহ বিভিন্ন থানায় ১৪টি নিয়মিত মামলা ও দুইটি সাজার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
আফসানা আক্তার এশা ওরফে মিম গুলশান, নিউমার্কেট, মোহাম্মদপুর ও তেজগাঁও থানায় একবার এবং মো. মোখলেছুর রহমান তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একবার গ্রেফতার হয়েছিল বলে জানান ডিসি।









