রাজধানীর খিলগাঁওয়ে মো. হুসাইন (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ মে) খিলগাঁওয়ে নন্দীপাড়ার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন এ তথ্য জানান।
হুসাইন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নূর নবীর ছেলে। বর্তমান খিলগাঁও পশ্চিম নন্দীপাড়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
এসআই জসিম উদ্দিন বলেন, ‘সোমবার সকালে নিজ রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন হুসাইন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘মৃতের পরিবারের কাছ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনও তথ্য জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন হুসাইন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’









