রাজধানীর পূর্ব রামপুরায় আম পাড়তে উঠে গাছের ডাল ভেঙে নিচে পড়ে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তার নাম মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া (৫০)। শুক্রবার (৫ মে) বিকাল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃতের মেয়ের জামাই ইউসুফ আলী বলেন, তার শশুর মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া লিয়াকত আলী কমিশনারের বাসার নিরাপত্তাকর্মী ছিলেন। পাশের বাসার এক বাড়ির মালিকের অনুরোধে আম পাড়ার জন্য আম গাছে উঠলে হঠাৎ ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকাল সাড়ে পাঁচটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মৃত আব্দুল হামিদ ভূঁইয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া। দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন তিনি। বর্তমানে পূর্ব রামপুরার জামতলা হেনুর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।









