রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে দুলাল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
মৃত দুলাল ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছনাউঠা গ্রামের আব্দুল মজিদের ছেলে। রাজধানীর হাতিরপুলে থাকতেন। তিন ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।
মৃতের ভাগ্নে তরিকুল ইসলাম জানান, তার মামা দুলাল নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির গাড়ি চালক ছিলেন। অফিস থেকে যাচ্ছিলেন সার্ভিসিংয়ে দেওয়া গাড়ি আনতে। পথে তেজগাঁও রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’









