সড়কের ওপর গরুর হাট, যানজটে নাকাল পুরান ঢাকাবাসী

সুবর্ণ আস্‌সাইফ
২৭ জুন ২০২৩, ২০:০০আপডেট : ২৭ জুন ২০২৩, ২০:২৫

পুরান ঢাকার রায়সাহেব বাজার থেকে দয়াগঞ্জ মোড় পর্যন্ত বসানো হয়েছে কোরবানির পশুর হাট। সিটি করপোরেশন থেকে ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড ও আশপাশের এলাকা উল্লেখ করা হলেও হাট বসানো হয়েছে ৩ কিলোমিটার পর্যন্ত সড়কজুড়ে। এতে এই দীর্ঘ সড়কে তৈরি হচ্ছে যানজট, যার রেশ পড়ছে পুরান ঢাকার অন্যান্য সড়কে। সিটি করপোরেশন ঈদের ৪ দিন আগে থেকে হাট বসানোর নির্দেশনা দিলেও তা মানা হয়নি, প্রায় ৭ দিন আগে থেকেই শুরু করা হয়েছে হাট। ফলে যানজটে নাকাল হয়ে দুর্ভোগে পড়ছেন পুরান ঢাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা।

সরেজমিন দেখা যায়, পশুর হাটটি রায়সাহেব বাজার মোড় থেকে শুরু করে ধোলাইখাল ট্রাক টার্মিনালের পাশাপাশি নারিন্দা, গোপী মোহন বসাক লেন, রথখোলা মোড়, নাসির উদ্দিন সর্দার রোড, হৃষীকেশ রোড, বেগমগঞ্জ বাজার, গেণ্ডারিয়া রোড ও মুরগিটোলা মোড় হয়ে দয়াগঞ্জ মোড় ও লোহারপুল পর্যন্ত বিশাল এলাকাজুড়ে বসানো হয়েছে। রায়সাহেব বাজার থেকে ধোলাইখাল হয়ে দয়াগঞ্জ মোড় পর্যন্ত প্রধান সড়কের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার, আরও ৩ কিলোমিটারের বেশি পার্শ্ব রাস্তা নিয়ে মোট প্রায় ৬ কিলোমিটার রাস্তাজুড়ে বসেছে পশুর হাট। একটি অংশ ইজারা নিয়ে পুরো এলাকায় হাট বসানো হয়েছে।

যানজটে নাকাল হয়ে দুর্ভোগে পড়ছেন পুরান ঢাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা সড়কের দুই পাশে, ফুটপাতের সামনে বাঁশে খুঁটিতে মোট চার সারিতে বেঁধে রাখা হয়েছে গরু-ছাগল। অনেক জায়গায় বাঁশ দিয়ে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে হাট কর্তৃপক্ষ। এতে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। আর মাইকে সারা দিনই চলছে উচ্চ আওয়াজে পশু বিক্রির ঘোষণা। এতে মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী ও আশপাশের ব্যবসায়ীরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিম বলেন, 'ইজারা দিয়েছে সিটি করপোরেশন। তারা কেন রাস্তায় দিয়েছে তারাই বলতে পারবে। আমার ওয়ার্ডের আওতাধীন অংশে আমি নিয়মিত খোঁজ-খবর রাখছি।'

এ ব্যাপারে ডিএসসিসির ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ ও ৪১ নম্বর ওয়ার্ডের সারোয়ার হোসেন আলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

হাটের কারণে যাত্রাবাড়ী টু সদরঘাটে চলাচল করা একমাত্র গণপরিবহন (বাহাদুর শাহ পরিবহন) বন্ধ হয়ে গেছে। এছাড়াও মুরগিটোলা থেকে মোহাম্মদপুর রুটে ছেড়ে যাওয়া মালঞ্চ বাসেরও স্থান পরিবর্তন করে আজগর আলী হাসপাতালের সামনে নেওয়া হয়েছে। তাছাড়া ধূপখোলা মাঠে মেগা প্রজেক্টের কাজ শুরু হওয়ায় এটিই এখন এই এলাকার একমাত্র কোরবানির হাট। সব মিলিয়ে এই হাটে ভোগান্তিও বেড়েছে বেশ।

কোরবানির এই হাটে সকালে দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে গরু নিয়ে আসা হচ্ছে। ট্রাকগুলো রাস্তার ওপর দীর্ঘক্ষণ রেখে দেওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। তাছাড়া পুরান ঢাকার মূল সড়ক হওয়ায় আশপাশের এলাকা ওয়ারী, যাত্রাবাড়ী, সূত্রাপুর কোতোয়ালী থানায় এর প্রভাব পড়ছে। বিশেষ করে ইংলিশ রোড ও জনসন রোডে যানজট বেড়ে যাওয়ায় সদরঘাটগামী যাত্রীদের ভোগান্তি চরমে। যেখানে দয়াগঞ্জ মোড় থেকে রায়সাহেব বাজার আসতে সময় লাগে সর্বোচ্চ ১০ মিনিট, সেখানে ১ ঘণ্টায়ও আসা যাচ্ছে না। সড়কের দুইপাশে, ফুটপাতের সামনে বাঁশে খুঁটিতে মোট চার সারিতে বেঁধে রাখা হয়েছে গরু-ছাগল

কথা হলো পথচারী ইসমাইল হোসেনের সঙ্গে। তিনি বলেন, 'আমি যাত্রাবাড়ী থেকে সদরঘাট যাবো। কিন্তু বাহাদুর শাহ পরিবহন বন্ধ।  যাত্রাবাড়ী থেকে সদরঘাট হেঁটে আসতেও সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগতো। হেঁটে একটু রিকশায় প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। গরু, ট্রাক আর হাটের মানুষের ভিড়ে হাঁটাও কষ্টকর।'

ঢাকার দুই সিটি করপোরেশনের ঘোষণা অনুযায়ী, রাজধানীতে কোরবানির পশুর হাট বসার কথা ঈদের চার দিন আগে। তবে এর অনেক আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে গরু এনে বেচাকেনা শুরু করেন ব্যবসায়ীরা। এদিকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বিক্রমপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর থেকে গরু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা।

হাটের ইজারাদার মো. আনোয়ার বলেন, 'ব্যবসায়ীদের আমরা সব সুযোগ-সুবিধা দিচ্ছি। ঈদের দিন পর্যন্ত এ হাট চলবে। আমাদের ভলান্টিয়াররা আছেন, তারা সার্বক্ষণিক কাজ করছেন।'

তবে রাস্তার ওপর হাট বসানোর বিষয়ে জানতে চাইলে তিনি কোনও কথা বলতে রাজি হননি।

ধোলাইখাল হাট দেখাশোনার দায়িত্বে থাকা ৪৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাকির বলেন, ‘আমাদের ভলান্টিয়াররা কিছু সময় রাস্তা বন্ধ রাখছে। আবার খুলে দিয়েছে। আমরা তো সারা বছর মানুষকে কষ্ট দিইনি, ২-৩ দিন কষ্ট করবে মানুষ।'

এলাকাবাসী ও স্থানীয়রা বলছেন, সর্বত্র পশু বেঁধে রাখার কারণে মানুষ রাস্তা-ফুটপাত ব্যবহার করতে পারছেন না। এছাড়াও পশুর বর্জ্যে দুর্গন্ধ, সারাক্ষণ মাইকিং হওয়ায় শব্দদূষণে পরিবেশ বিনষ্ট হচ্ছে এই এলাকার। ৪ দিনের জন্য বিষয়টি মেনে নেওয়া গেলেও এক সপ্তাহ এ ধরনের অবস্থা এলাকাবাসী ও ব্যবসায়ীদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

নারিন্দা মোড়ের মহিউদ্দিন হোটেলের মালিক মাসুম শিকদার বলেন, 'দোকানের সামনে গরুর হাট বসিয়েছে। গরুর প্রস্রাব-পায়খানার গন্ধ আর হাটের মানুষের ভিড়ে ব্যবসার একদম বারোটা বেজে গেলো। ৪ দিনের জন্য বসানোর কথা, সেখানে এক সপ্তাহ আগেই হাট শুরু করেছে।'

লোহারপুলের বাসিন্দা রুপন হাসান বলেন, ‘ধোলাইখালে হাট বসবে জানতাম, এখন তো দেখছি লোহারপুল পর্যন্ত চলে এসেছে। বাড়ির সামনে গরু বেঁধে রেখেছে, গাড়ি বের করতে পারছি না। সারা দিন মাইকে চিল্লাফাল্লা হচ্ছে, সব মিলিয়ে বিরক্তিকর অবস্থা।'

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘কেউ ভোগান্তিতে পড়লে থানা কিংবা আমাদের কাছে অভিযোগ করতে পারেন। আমরা কারও যাত্রাপথ বন্ধ করতে হাট বসাইনি। সে অনুযায়ী সবাইকে নির্দেশনাও দেওয়া হয়েছে। অসুবিধার কথা জানিয়ে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।' যানজটের কারণে ১০ মিনিটের পথ ১ ঘণ্টায়ও আসা যাচ্ছে না

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রহমান বলেন, 'রাস্তার দুই পাশ দুটি থানার অধীনে পড়েছে। এক পাশে ওয়ারী আর অন্য পাশে সূত্রাপুর। সামনে আবার গেণ্ডারিয়া আছে, ওখানে গেণ্ডারিয়া থানাও দেখছে। কিছুটা অংশ ওয়ারী থানায়ও পড়েছে। সব থানা মিলিয়ে হাটের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'গরুর হাট হলে একটু যানজট তো হবেই। পুরান ঢাকায় আসলেই জায়গার সংকট। তারপরও গাড়ি চলাচল অব্যাহত আছে।'

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম