ছিনতাইকারীদের হাতে নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামান তালুকদারের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বুধবার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে ডিএমপি কমিশনার এ অনুদান দেন।
দুই সন্তান নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন নিহত মনিরুজ্জামানের স্ত্রী। মনিরুজ্জামানের অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ডিএমপি কমিশনার। এ সময় কমিশনার তার পরিবারের হাতে দুই লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেন। ভবিষ্যতেও তার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ডিএমপি কমিশনার।
আর্থিক অনুদান দেওয়ার সময় আরও ছিলেন– ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান প্রমুখ।
এর আগে গত ১ জুলাই ভোরে ফার্মগেটের আল-রাজি হাসপাতালের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন মনিরুজ্জামান। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন।









