ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। আমরা পর্যালোচনা শেষে কয়েকটি দলকে অনুমতি দেবো।
বুধবার (২৬ জুলাই) দুপুরে তাজিয়া মিছিল উপলক্ষে রাজধানীর লালবাগে হোসেনি দালান ইমামবাড়ায় ডিএমপির পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপিসহ ৯টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা আবেদন পেয়েছি তাদের সভা-সমাবেশের জন্য। পর্যালোচনা করে, কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কয়েকটি দলকে অনুমতি দেওয়া হবে।’
মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘যারা অনুমতি পাবেন, রাজনৈতিক সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের কর্তব্য।’
তিনি বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমের সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করবো, ওয়ার্কিং ডে-তে বিশাল বিশাল সমাবেশ করে ঢাকার মানুষকে থামিয়ে দেওয়া, লাখ লাখ মানুষকে রাস্তায় আটকে রাখার বিষয়টি বন্ধ করুন। ভবিষ্যতে এমন পরিকল্পনা পরিবর্তন করে বন্ধের দিনে নিয়ে যান।’
সমাবেশে লাঠিসোঁটা ও ব্যাগ আনা যাবে না উল্লেখ করে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ব্যাগে কোনও ধরনের বিস্ফোরক থাকতে পারে। আপনারা কর্মসূচি করেন কিন্তু জনগণকে কষ্ট না দিয়ে। হয়তো ভবিষ্যতে এমন সময় আসবে জনগণ অতিষ্ঠ হয়ে গেলে আমাদের বাধ্য হয়ে এসব কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিতে হতে পারে।’









