গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি প্রয়াত ডা. জাফরুল্লাহর চৌধুরীর বাসায় এডিস মশার লার্ভা পাওয়ায় তার ছেলে বারীশ হাসান চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ জুলাই) করপোরেশনের অঞ্চল-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক ধানমন্ডিতে প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর ‘বৈভ্রাজ’ নামক বাসভবনের চারপাশ ও ছাদে মশার লার্ভা পাওয়ায় এ জরিমানা করেন।
এছাড়া বুধবার করপোরেশনের আওতাধীন খিলগাঁও, মায়াকানন, ঝাউচর, হাজারীবাগ, ঝিগাতলা, টিকাটুলি, পশ্চিম নন্দীপাড়া, উত্তর মান্ডা, কাজীরগাঁও, কুতুবখালী, মেরাজনগর ও জিয়া সরণি এলাকায় আরও ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৫৩৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৩ মামলায় দুই লাখ ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএসসিসির তিন নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান ৫৫ নম্বর ওয়ার্ডের ঝাউচরের শাজাহান মার্কেটের স্বপ্নডাঙ্গা আবাসিক এলাকায় ১০৮টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ব্যক্তিমালিকানার তিনটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় তিন মামলায় এক লাখ ৬০ হাজার জরিমানা আদায় করেন আদালত।
পাঁচ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম ৩৯ নম্বর ওয়ার্ডের টিকাটুলি ও হাটখোলা এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। দুটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় দুই মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।
ছয় নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক ৭৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম নন্দীপাড়া এলাকায় ৬০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় দুটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় দুই মামলায় চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অঞ্চল-৭-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান ৭২ নম্বর ওয়ার্ডের উত্তর মান্ডা এলাকায় ৩০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় এক মামলায় তিন হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।
৯ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালত ৬৩ নম্বর ওয়ার্ডের কাজীরগাঁও এলাকায় ৩৮টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় এক মামলায় দুই হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।
১০ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের কুতুবখালী, মেরাজনগর ও জিয়া সরণি এলাকায় ৮৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় তিন মামলায় ৮২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।








