ফুটপাতের সৌন্দর্য বাড়ানো এবং সবুজায়নের জন্য আগামী এক বছরে ৫০ লাখ টাকার গাছ লাগাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বরাদ্দ দিয়েছে সংস্থাটি। এর মধ্যে বৃক্ষরোপণ ও বনায়নে ব্যয় হবে ৩০ লাখ টাকা। সড়ক বিভাজক ও ফুটপাতের সৌন্দর্য বাড়াতে এবং সবুজায়নে ২০ লাখ টাকা ব্যয় করা হবে।
সোমবার (৩১ জুলাই) নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় বাজেটের উন্নয়ন ব্যয়ের মধ্যে এই ব্যয়ের কথা জানানো হয়। ডিএসসিসির অর্থবছরের বাজেটে এই খাতে মোট ২৯ লাখ টাকা ব্যয় করা হয়েছিল। গত অর্থবছরের তুলনায় এবারের বরাদ্দ ২১ লাখ টাকা বেশি।
বাজেট বক্তৃতায় সবুজায়ন নিয়ে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমাদের সবার প্রিয় ঢাকা শহর যেন পুঞ্জিভূত সমস্যার বৃত্তে ঘূর্ণায়মান এক বেহাল নগরী। এই নগর ব্যবস্থাপনায় প্রতিটি ওয়ার্ডে ন্যূনতম একটি করে খেলার মাঠ ও উদ্যান প্রতিষ্ঠার উদ্যোগ আমাদের রয়েছে। বিগত তিন বছরে আমরা সাতটি খেলার মাঠ ও চারটি উদ্যানের উন্নয়ন কাজ শেষ করেছি। ৪ নম্বর ওয়ার্ডে বাসাবো সবুজ বলয়ের (বাসাবো বালুর মাঠ) নির্মাণ কাজ চলমান রয়েছে।









