রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. সোহাগ (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
মো. সোহাগের গ্রামের বাড়ি ভোলা জেলায়। বর্তমানে নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।
মৃতের সহকর্মী অন্তর বলেন, ‘মিরপুরে হজরত শাহ আলী (র.) এর মাজারের পাশে একটি ষষ্ঠতলা ভবনের প্লাস্টারের কাজ চলছিল। তৃতীয়তলার বাইরের মাচায় দাঁড়িয়ে কাজ করেছিল সোহাগ। তৃতীয়তলার দেয়াল থেকে বের হওয়া অতিরিক্ত রড কাটার সময় বৈদ্যুতিক তারে মেশিনের স্পর্শ লাগে। এতে বিদুৎস্পৃষ্ট হয়ে সোহাগ নিচে পড়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ‘আমরা ২০ থেকে ২৫ দিন ধরে ওই ভবনে কাজ করে আসছি।’
বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।’









