রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লা এলাকায় নির্মাণাধীন ভবনের রড চুরির অভিযোগে মো. আকাশ (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. মীর মোয়াজ্জেম হোসেন ওরফে প্রান্ত (২৫), মো. ফিরোজ (১৮), মো. মোস্তাফিজুর রহমান (৩৫)।
গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে খন্দকার আল মঈন বলেন, ‘গত বুধবার রাত ১০টার দিকে আকাশ ও তার বন্ধুরা মোহাম্মদপুরের একটি স্কুলের নির্মাণাধীন ভবনে প্রবেশ করে। এ সময় তাদের ধাওয়া করে ওই সাইটের শ্রমিকরা। অন্যরা পালিয়ে গেলেও নির্মাণ শ্রমিকরা আকাশকে আটক করে। রড চুরির অভিযোগে মোয়াজ্জেমের নির্দেশে তাকে মারধর করা হয়। হাত-পা বেঁধে বাঁশের সঙ্গে ঝুলিয়ে লাঠি, রড ও স্ট্যাম্প দিয়ে মারা হয় আকাশকে। রাতভর নির্যাতনে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।’
তিনি বলেন, ‘পরদিন সকাল ৬টার দিকে আকাশ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সে সময় ওই সাইটে কর্মরত ব্যক্তিরা আকাশের ফুফুকে ফোন করে বিষয়টি জানায়। তিনি ঘটনাস্থলে এসে আকাশকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। পরে সকাল ৮টার দিকে আকাশের মৃত্যু হয়। এতে তার ফুফু বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। খবর পেয়ে মোয়াজ্জেমসহ শ্রমিকরা রাজধানীর মগবাজার ও রমনাসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।
গ্রেফতার ব্যক্তিদের বিষয়ে খন্দকার মঈন বলেন, ‘মোয়াজ্জেম ওই সাইটের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিল। তার নির্দেশে আকাশকে নির্যাতন করা হয়। আকাশকে মারধর করে ফিরোজ ও মোস্তাফিজুর। তারা মোবাইলে পুরো ঘটনার ভিডিও ধারণ করে। ফিরোজ পেশায় শ্রমিক। মোস্তাফিজুর সাইটের ফোরম্যান হিসেবে কর্মরত ছিল।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
আরও পড়ুন...
রাজধানীতে রড চুরির অভিযোগে কিশোরকে রাতভর নির্যাতন, সকালে মৃত্যু









