রাজধানীর যাত্রাবাড়ীতে গোলাম রব্বানী (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে যাত্রাবাড়ীর কাজলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ১০৪ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য জানান।
গোলাম রব্বানী লালমনিরহাটের আদিতমারি থানার কিছামাত গ্রামের বাসিন্দা।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল শুক্রবার দিবাগত রাতে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অভিযান চালায়। অভিযানে আনুমানিক ৩১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১০৪ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানান, ‘সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধনে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।’
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মাদক মামলা রয়েছে। গাঁজা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ব্যাবের এই কর্মকর্তা।









