রাজধানীর সবুজবাগ এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে ধরিয়ে দিতে সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ওই দুই জনের ছবি প্রকাশ করা হয়েছে। তাদের সন্ধান পেলে সবুজবাগ থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে ডিএমপি।
রবিববার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, সবুজবাগ থানার ৪৩/৩১ সবুজকানন এলাকার রান করপোরেশনের অফিসের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় ছবিতে প্রদর্শিত দুজন সন্দেহভাজনকে গ্রেফতারে সহায়তা চায় সবুজবাগ থানা-পুলিশ। চুরির ঘটনায় সবুজবাগ থানায় একটি মামলা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে ৬টার মধ্যে রান করপোরেশনের অফিসের সামনে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুই ব্যক্তি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবি ও ভিডিও ফুটেজে প্রদর্শিত দুজন সন্দেহভাজনের সন্ধান প্রয়োজন। কেউ তাদের সন্ধান পেয়ে থাকলে সবুজবাগ থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. আনোয়ার হোসেন অথবা সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।









