রাস্তার জন্য ২০ ফুট জায়গা ছাড়ার আহ্বান ডিএনসিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৩, ১৮:৩৩আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৯:৩৪

নাগরিক সুবিধার্থে এলাকায় অন্তত ২০ ফুট চওড়া রাস্তা নির্মাণের জন্য বাড়ির মালিকদের জায়গা ছাড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘রাস্তার জন্য জায়গা ছাড়লে ডিএনসিসি নিজ খরচে উন্নয়ন কাজ করে দেবে। তা নাহলে বাড়ির মালিকদের নিজেদের কাজ করিয়ে নিতে হবে।’

বুধবার (৪ অক্টোবর) সকালে ডিএনসিসির ১৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন মিরপুর, শেওড়াপাড়া এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় নাগরবাসীর সুযোগ-সুবিধা ও সমস্যার কথা সরাসরি শোনেন মেয়র। দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশও দেন তিনি।

মো. আতিকুল ইসলাম বলেন, ‘শুধু প্রধান সড়ক প্রশস্ত হলে হবে না। এর পাশাপাশি টারশিয়ারি রোড প্রশস্ত করা হলে যানজট কমে যাবে। তবে ন্যূনতম ২০ ফিট রাস্তা নির্মাণের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। জনগণ জায়গা ছাড়লে আমরা রাস্তা নির্মাণ করে দেবো, ড্রেন লাইনের কাজ করে দেবো। রাস্তা চওড়া হলে ফায়ার সার্ভিসের গাড়ি, এম্বুলেন্স সহজে যাওয়া-আসা করতে পারবে।’

জনগণ সম্পৃক্ত হলে সব কাজ বাস্তবায়ন সহজ হয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, ‘রাস্তা চওড়া করার জন্য আমি কাউন্সিলরদের সঙ্গে নিয়ে উচ্ছেদ করলে অনেকে অসন্তুষ্ট হন। কিন্তু রাস্তা চওড়া হলে এই সুবিধা মেয়র ও কাউন্সিলররা পাবে না। সর্বস্তরের জনগণ সুবিধা ভোগ করবে। জনগণের স্বার্থে আমরা আমাদের কাজ করে যাবো।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘নগরের উন্নয়নে জনগণের সহযোগিতার বিকল্প নেই। জনগণ নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করলে উন্নয়ন কাজের জন্য সিটি করপোরেশনের সক্ষমতা বৃদ্ধি পাবে। ট্যাক্স পরিশোধ করতে এখন আর সিটি করপোরেশনে যেতে হয় না। অনলাইনে ঘরে বসে ট্যাক্স দিন। জবাবদিহির মাধ্যমে আমরা নাগরিক সেবা পৌঁছে দিতে অনলাইনে কার্যক্রম পরিচালনা করছি। দ্রুত সময়ের মধ্যে অনলাইনে ট্রেড লাইসেন্সও দেওয়া হবে। পরীক্ষামূলকভাবে অনলাইনে ট্রেড লাইসেন্স দেওয়া কাজ চলছে।’

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ড্রেন বা নর্দমার পানিতে কিন্তু এডিস মশার জন্ম হয় না। জমে থাকা স্বচ্ছ পানিতেই এডিসের লার্ভা জন্মায়। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জমে থাকা স্বচ্ছ পানি ফেলে দিন। জনগণের আন্তরিক সহযোগিতায় গত ঈদে মাত্র ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। জনগণ সম্পৃক্ত হয়েছিল বলেই আমরা সফলভাবে করোনা মোকাবিলা করতে পেরেছিলাম। জনগণ সহযোগিতা করলেই এডিস মশা নিয়ন্ত্রণ করা সম্ভব।’

আতিকুল ইসলাম বলেন, ‘বাসাবাড়ির পয়ঃবর্জ্যের সংযোগ ড্রেনে বা খালে দেওয়া যাবে না। নিজেদের বাসা বাড়িতে নিজস্ব ব্যবস্থায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। খালগুলোকে বাঁচাতে হবে। জলাশয়গুলোকে বাঁচাতে হবে। আমরা লাউতলা খাল উদ্ধার করে সেখানে পানির প্রবাহ নিশ্চিত করেছি। খালের পাড়ে গাছ লাগিয়ে দিয়েছি। এখন দেখলাম আবার মানুষ ময়লা ফেলে সেই খাল ভরাট করছে।’ এ সময় তিনি খালে ময়লা না ফেলতে সবাইকে অনুরোধ জানান।

স্থানীয় জনগণ মেয়রের কাছে তাদের বিভিন্ন দাবিগুলো তুলে ধরেন। শিক্ষার্থীরা মাঠের দাবি জানালে মেয়র বলেন, ‘এ এলাকায় সিটি করপোরেশনের নিজস্ব জমি নেই, খেলার মাঠ নির্মাণের জন্য। আমরা বিভিন্ন সংস্থার কাছে জমি চেয়েছি। তারা যদি হস্তান্তর করে তাহলে খেলার মাঠ নির্মাণ করে দেবো। বিভিন্ন এলাকায় খাস জমি রয়েছে। অনেক খাস জমি বেদখল হয়ে গেছে। এগুলো খুঁজে বের করে খেলার মাঠ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।’

১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনির সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ছিলেন– ডিএনসিসির অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম