আগামী ৫ নভেম্বর থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। বর্তমানে যা সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছে।
বুধবার (১ নভেম্বর) ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কথা জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
তিনি বলেন, ‘৫ নভেম্বর থেকে প্রতিদিন উত্তরা উত্তর থেকে সকাল সাড়ে ৭টায় মেট্রোরেল চলাচল শুরু হবে। এটি রাত সাড়ে ৮টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলাচল করবে। অন্যদিকে ৫ নভেম্বর চালু হওয়ার পর আগারগাঁও-মতিঝিল অংশ শুধু সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করবে।’
মেট্রোরেলের লাইন ৬-এর আগারগাঁও-মতিঝিল অংশ ৪ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ৫ নভেম্বর থেকে সর্বসাধারণের জন্য তা খুলে দেওয়া হবে।








