অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অসঙ্গতি থাকায় ধানমন্ডির ক্রিমসন কাপ কফি শপকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মার্চ) ধানমন্ডির নাসিম স্কয়ারে অভিযান চালিয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা এ জরিমানা করেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানকালে প্রতিষ্ঠানটির পরিবেশ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। যথাযথ লেবেলবিহীন এবং আমদানিকারকের তথ্যবিহীন প্রচুর খাদ্য ফ্রিজে মজুদ করতে দেখা গেছে। প্রতিষ্ঠানটি তাদের রেস্তোরাঁ নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। এসব অপরাধে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে ক্রিমসন কাপ কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানার নির্দেশনা দেওয়া হয়। নিরাপদ খাদ্য নিশ্চিতে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার দেওয়া হয়।
অভিযানকালে ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং আনসার সদস্যরা।









