মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বুধবার (১৫ মে) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ২৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ৫৮৯ পিস ইয়াবা, ৩৭ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ৬৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।









