অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হরফ আলী (৩৫) নামে এক যুবক অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৬ জুন) বিকালে তাকে হাসপাতালে আনা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ভর্তির পর জরুরি বিভাগে তার পাকস্থলী পরিষ্কারের পর মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে।’
হরফ আলীর স্ত্রী নুরুন নাহার জানান, সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে ফিঙ্গার প্রিন্ট দিতে রাজধানীর যাত্রাবাড়ী যান হরফ আলী। সকালে ঢাকার আশুলিয়ার জামগড়ার বাসা থেকে বের হন তিনি। সকাল ৯টায় নুরুন নাহারের সঙ্গে তার কথা হয়। এরপর থেকে তাকে আর মোবাইল ফোনে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে যাত্রাবাড়ী চৌরাস্তার পাশ থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনেন নুরুন নাহার।
নুরুন নাহার জানান, হরফ আলীর সঙ্গে থাকা টাকা-পয়সা পাওয়া যায়নি।









