কলকাতায় আর জি কর হাসপাতালে চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন ঢাকার নারীরাও। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ‘রাত দখল’ কর্মসূচি পালন করেছেন। এ ছাড়াও দেশে গণঅভ্যুত্থানের আগের প্রতিটি ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবি করেন বিক্ষুব্ধ নারীরা।
শুক্রবার (১৬ আগস্ট) রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোষী রাজু ভাস্কর্যের সামনে মোমবাতি প্রজ্বালন করে এ কর্মসূচি শুরু হয়। এরপর মশাল মিছিল বের হয়। মিছিলটি ভিসি চত্বর হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তারা নির্যাতনের শিকার অসংখ্য নারী আদালতের দীর্ঘসূত্রতা, ক্ষমতার দৌরাত্ম্য ও পিতৃতান্ত্রিক বিচার ব্যবস্থায় ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় প্রতিবাদী গান, কবিতা ও বিভিন্ন স্লোগানে ওই এলাকা প্রকম্পিত হয়।
বাংলা ট্রিবিউনের ক্যামেরায় ঢাকায় নারীদের ‘রাত দখল’ কর্মসূচি:









