বর্তমান পরিচালককে অপসারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর পান্থপথ মোড়ে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান নিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে সড়কে অবস্থান নেন তারা।
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে একই দাবিতে পান্থপথ মোড়ে সড়কে অবস্থান নেন এই শিক্ষার্থীরা। এ সময় সোনারগাঁও হোটেল মোড় থেকে পান্থপথ পর্যন্ত দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালকের বিরুদ্ধে দুর্নীতিকে প্রশ্রয়, ক্ষমতা কেন্দ্রীভূত করা এবং শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলায় নেতৃত্ব দেওয়ায় অভিযোগ এনে তাকে অপসারণের দাবি জানান। একই সঙ্গে ২৭ দিন পার হলেও নিটার প্রশাসন শিক্ষার্থীদের দাবি না মেনে উল্টো তাদের দোষী বানিয়ে হোস্টেল বন্ধসহ অপেশাদার আচরণ করছে বলেও অভিযোগ তাদের।
এ প্রসঙ্গে ডিএমপির তেজগাঁও ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার স্নেহাশীষ কুমার দাস বলেন, ‘শিক্ষার্থীরা আজও রাস্তার এক পাশে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে। তবে এ জন্য যানবাহন চলাচলে কোনও সমস্যা হচ্ছে না।’







