ঢাকেশ্বরী মন্দিরে ষোড়শ উপাচারে দেবী বন্দনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৪, ১৬:০২আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৭:৩৯

গতকাল (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে (ষোল উপাদান) দেবীর পূজা হচ্ছে। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। একইসঙ্গে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। পূজা উদযাপনকে ঘিরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আজ দুপুরে ঢাকেশ্বরী মন্দির ঘুরে দেখা গেছে, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মন্দিরে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। নতুন রঙে রাঙানো হয়েছে মন্দিরের সব ভবন। পুরো মন্দিরে আলোকসজ্জা করা হয়েছে। প্রবেশদ্বারে রাখা হয়েছে তল্লাশি ব্যবস্থা। মন্দিরে আসা ব্যক্তিদের নিরাপত্তা বেষ্টনী মেনে প্রবেশ করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় বসানো হয়েছে পুলিশ, র‍্যাব ও বিভিন্ন সংস্থার নিয়ন্ত্রণ কক্ষ।

মন্দিরে আসা ব্যক্তিদের নিরাপত্তা বেষ্টনী মেনে প্রবেশ করতে হচ্ছে

মন্দির ঘুরে আরও দেখা গেছে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা উদযাপন করছেন। সেজেগুজে ছবি তুলছেন কেউ কেউ। মন্দিরের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেবীভক্তরা।

রাজধানীর শ্যামলী থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা উদযাপন করতে আসেন বাংলাদেশে একটি বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ুয়া দুই ভারতীয় শিক্ষার্থী সুনীল ও জাদব ভিবাংসী শর্মা। তারা বলেন, সকাল থেকে কোনও ঝামেলা ছাড়াই সুন্দর পরিবেশে পূজা উদযাপন করছি। নিরাপত্তা ও সার্বিক বিষয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন তারা।

সেজেগুজে ছবি তুলছেন এক দল কিশোরী (ছবি: নাসিরুল ইসলাম)

মহানগর সর্বজনীন পূজা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস কুমার পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ভোর ৬টার আগে মন্দিরে প্রবেশ করেছি। এখানে আমি যেটি দেখেছি, নিরাপত্তার কোনও ঘাটতি নেই। সারা রাত জেগে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিয়েছে। এখনও চারপাশে কঠোর নিরাপত্তা বেষ্টনী রয়েছে। সকাল ৬টা থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা আশা করছি কোনও অসুবিধা হবে না।’

এছাড়া দুপুরে মন্দির পরিদর্শনে আসেন ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, কোনও অপ্রীতিকর ঘটনার শঙ্কা নেই। পুলিশ, র‍্যাব, বিজিবিসহ যৌথ বাহিনী মাঠে তৎপর। সেখানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিস্থিতি মাথায় রেখে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সব ধরনের নিরাপত্তা জোরদার করেছি। প্রতিটি ইউনিট আলাদাভাবে কাজ করবে। যারা দর্শনার্থী আছেন, তাদের জন্য আলাদা নিরাপত্তা, আবার দুষ্কৃতকারীদের নজরে রাখতে আলাদা টিম কাজ করছে।’

মন্দিরের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে

এদিকে আজ দুপুরে ঢাকেশ্বরী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পূজাকে কেন্দ্র করে কোনও ঘটনা ঘটতে পারে এমন তথ্য আমাদের কাছে নেই। সবাই যদি সহযোগিতা করেন, বাংলাদেশের সব মানুষ ৩৬৫ দিন নিরাপদে থাকবে। এবারের পূজার নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, আনসার ও র‍্যাবসহ অন্যান্য বাহিনীকে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। যে স্থানে যে পরিমাণ সশস্ত্র বাহিনীর সদস্য প্রয়োজন, সেখানে সে পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এবার পূজা খুব ভালোভাবেই অনুষ্ঠিত হবে। পূজার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আট দফা নির্দেশনা দেওয়া হয়েছে।’ আইনশৃঙ্খলা বাহিনী থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সবাইকে সেগুলো পালনের আহ্বান জানান তিনি।

মণ্ডপ পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা (চবি: নাসিরুল ইসলাম)

এদিকে পূজা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ থেকেই নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম শুরু হয়েছে এবং তা ১৪ অক্টোবর পর্যন্ত চলবে।

শারদীয় দুর্গাপূজা উদযাপনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনোরূপ বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭৬৬-৮৪৩৮০৯ এই মোবাইল নম্বরে অবহিত করা যাবে। এছাড়া, বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য প্রদান করা যাবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

/কেএইচ/আরকে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
‘জুলাইয়ে পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম, আপনারা দেখেন নাই’
ব্রিজের নিচ থেকে নারীর মাথা ও হাত উদ্ধার, বাকি অংশ পাওয়া যায়নি
প্রথম দিনেই জুলাই জাদুঘরে ঢুকতে বিশৃঙ্খলা, দর্শনার্থীদের ক্ষোভ 
সর্বশেষ খবর
ফিনিশিংয়ে বিশেষ নজর বাংলাদেশ হকি দলের
ফিনিশিংয়ে বিশেষ নজর বাংলাদেশ হকি দলের
টিভিতে আজকের খেলা (৭ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ আগস্ট, ২০২৬)
জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, জাবি শিক্ষার্থী কারাগারে
জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, জাবি শিক্ষার্থী কারাগারে
সংস্কৃতির মাধ্যমে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করতে হবে: জামায়াত আমির
সংস্কৃতির মাধ্যমে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করতে হবে: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র