ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় শিক্ষার্থীদের চাপা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের পা ভেঙে গেছে, একজন মাথায় সামান্য ব্যথা পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি আটক করেছে। ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান।’
এদিকে এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।








