রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা-পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রবেশ গেটের উত্তর পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার করা ব্যক্তিরা হলো– মো. রনি (২৯), মো. হুমায়ুন কবির (২৫) ও মো. আনোয়ার (৪০)। তাদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার চাকু ও একটি স্টিলের চাকু জব্দ করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানার একটি টহল টিম গোপন সংবাদে জানতে পারে, সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রবেশ গেটের উত্তর পাশে কিছু লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন জনকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে।’
শাহবাগ থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। সোহরাওয়ার্দী উদ্যানের ওই এলাকায় তারা ডাকাতির উদ্দেশে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।









