রাজধানীর বাড্ডা ও কামরাঙ্গীরচরে পৃথক দুই স্থানে এক কিশোরী এক তরুণী আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ঘটনা দুটি ঘটে।
তারা হলেন- বাড্ডায় অর্পিতা খাতুন (১৩) ও কামরাঙ্গীচরে ফারজানা আক্তার (২২)। পরে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিক সোমা জানান, বাড্ডার সাতারকুল, আলী নগর এলাকায় ভাড়াবাসায় টিভির রিমোট নিয়ে ভাইবোনের মধ্যে মনোমালিন্যের অভিমানে অর্পিতা নামে এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল। পরে তার মা দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষার পর বিকাল ৫টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, নিহত কিশোরী স্থানীয় একটি পোশাক কারখানায় সেলাইয়ের কাজ করতো। ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার দর্জি কয়েরী গ্রামের আকিজ মিয়া ও তসলিমার মেয়ে অর্পিতা। তার বাবা রিকশাচালক ও মা বাসাবাড়িতে কাজ করেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।
অপরদিকে, একই দিন বিকালে কামরাঙ্গীরচর থানাধীন হুজুর পাড়া ১ নম্বর বেইলি রোডের ভাড়া বাসায় জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ফারজানা আক্তার (২২) নামে এক গৃহবধূ।
নিহতের স্বামী আল রাব্বি জানান, ফারজানা আত্মহত্যা করার পর স্বজনরা তাকে উদ্ধার করে বিকাল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, কী কারণে বা কেন আত্মহত্যা করেছেন- এ বিষয়ে নিহতের স্বামী আল রাব্বি কিছুই জানাতে পারেননি। তার পিতার নাম কে এম কামরুজ্জামান।









