রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় বাসের ধাক্কায় পলাশ মোল্লা (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি মতিঝিলে ‘বিনিময় মানি এক্সচেঞ্জ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
মঙ্গলবার (৪ মার্চ) বিকাল ৫টার দিকে শহিদী মসজিদের ঢালে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি কমিউনিটি হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দায়িত্বরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা রেজওয়ান ও তার ভাই জানিয়েছেন, পলাশ মোল্লা ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হন।
নড়াইল জেলার কালিয়া উপজেলার চর বল্লাহ হাটি গ্রামের মৃত আক্তার মোল্লার ছেলে পলাশ মোল্লা বর্তমানে দক্ষিণ বনশ্রীতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।









