রাজধানীর প্রেসক্লাব মোড়ে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. সেন্টু ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু আল আমিনও আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে শাহবাগ প্রেসক্লাব মোড়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের বন্ধু আল আমিন জানান, সেন্টু কাকরাইল এলাকায় ব্যবসায়িক কাজে গিয়েছিলেন। আমি সঙ্গী ছিলাম। কাজ শেষে আমরা মোটরসাইকেলে করে লালবাগের বাসায় ফিরছিলাম। সেন্টু মোটরসাইকেল চালাচ্ছিলেন, আমি পেছনে বসা ছিলাম। প্রেসক্লাব মোড়ে ইউটার্ন নেওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে আমরা রাস্তায় ছিটকে পড়ি। সেন্টুর মাথায় গুরুতর আঘাত লাগে, আমি সামান্য আহত হই।
তিনি বলেন, পরে তাকে উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেন্টুকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. সেন্টু ইসলাম পুরান ঢাকার চকবাজার থানার ইসলামবাগ এলাকার বাসিন্দা। তার পিতার নাম আলাউদ্দিন খালাসী। তিনি পেশায় একজন প্লাস্টিক ব্যবসায়ী ছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। ঘটনার তদন্ত ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।









